রূপপুরের প্রথম ইউনিট চালুর অগ্রগতি নিয়ে মস্কোয় বাংলাদেশ-রাশিয়া বৈঠক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। এ লক্ষ্যে প্রকল্পের অগ্রগতি ও বিদ্যুৎ উৎপাদন শুরুর সময়সীমা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাব্য সময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রোসাটমের মহাপরিচালক জানান, প্রথম ইউনিটে স্থাপিত ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

অ্যালেক্সি লিখাচেভ বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণে সক্ষম হবে। ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এদিকে, বৈঠকে রোসাটমের মহাপরিচালক জানান, আগামী বছর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে। এর মধ্য দিয়ে প্রকল্পটির পরবর্তী পর্যায়ের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে রোসাটম।

বৈঠকে রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাতের সম্প্রসারণ এবং বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।

সূত্র ও ছবি : পিআইডি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ