অনুমতি ছাড়া ছবি তোলা বন্ধের অনুরোধ প্রীতি জিনতার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত প্রভাব এবং তারকাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ নিয়ে আবারও মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। পাপারাজ্জিদের আচরণে বিরক্তি প্রকাশ করে তিনি স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন, অনুমতি ছাড়া যেন তাঁর বা তাঁর পরিবারের ছবি তোলা না হয়।
তারকাদের দৈনন্দিন জীবন— কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, কী করছেন— এসব জানার আগ্রহে ফটোগ্রাফাররা প্রায়ই তাঁদের অনুসরণ করেন। তবে এই প্রবণতা অনেক তারকার কাছেই অস্বস্তিকর হয়ে উঠেছে, যা বারবার আলোচনায় এসেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রীতি জিনতা লেখেন, তিনি সবসময় ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। কেউ ছবি তুলতে চাইলে তিনি সাধারণত আপত্তি করেন না। তবে তাঁর সন্তানদের ছবি অনুমতি ছাড়া তোলা, জিমের বাইরে দাঁড়িয়ে থাকা বা ব্যক্তিগত পরিসরে গোপনে ছবি তোলাকে তিনি খুবই বিব্রতকর বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অনুমতি ছাড়া ছবি তোলা তাঁকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে।
তবে একই সঙ্গে তিনি জানান, জীবনে পাওয়া ভালোবাসা ও সাফল্য নিয়ে তিনি কৃতজ্ঞ ও সন্তুষ্ট। প্রীতির স্পষ্ট অনুরোধ, তারকা হলেও ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে আগে অনুমতি নিয়ে ছবি তোলা উচিত।
উল্লেখ্য, দীর্ঘদিন বড়পর্দায় অনুপস্থিত থাকলেও শোনা যাচ্ছে, খুব শিগগিরই ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে ফিরতে পারেন প্রীতি জিনতা।
আপনার মতামত লিখুন :