সরকারি সেবাকে নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা জরুরি : প্রধানমন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :
প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের চেয়েও কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
প্রশাসনের কর্মকর্তাদের রাজনৈতিক সমর্থন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি কোনো কর্মকর্তার সমর্থন থাকা দোষের কিছু নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
তিনি বলেন, কারও কারও মনে প্রশ্ন জাগতে পারে, বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। সরকার অবশ্যই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তা সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তবে এর সঙ্গে অন্য সময়ের পার্থক্য রয়েছে। কারণ, এসব এজেন্ডা বাস্তবায়নের অঙ্গীকার করেই জনগণের ভোটে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়েছিল। জনগণ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন। ফলে নির্বাচনী ইশতেহার এখন দেশের জনগণের ইশতেহার, জনগণের দলিল। এটি বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রশাসনিক কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করাই কর্মকর্তাদের কাছে সরকারের প্রত্যাশা।
নতুন কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কৌশল তাঁরা শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যার ওপর যে দায়িত্ব অর্পিত হবে, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে যথাযথভাবে তা পালন করতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে কর্মজীবন শুরু করতে যাচ্ছেন কর্মকর্তারা। তাঁদের অধিকাংশই সম্ভবত প্রথমবারের মতো কর্মস্থলে পদায়ন পেতে যাচ্ছেন। তাঁরা এখন রাষ্ট্রের জনপ্রশাসনের অংশ। তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ও সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
সরকারের সার্বিক সফলতায় দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রশাসন যত বেশি দক্ষ হবে, সরকারের কার্যক্রমও তত বেশি সফল হবে। একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য।
