1. জাতীয়
  2. বিস্তারিত

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত প্রত্যাহার

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত প্রত্যাহার
নিউজ বাংলা ডেস্ক :

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদফতর। পরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়। গত ২০ নভেম্বরও এ সতর্কসংকেত বহাল রাখা হয়েছিল। ওই সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ গত শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। এরপর এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরে সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়া এবং বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন