1. জাতীয়
  2. বিস্তারিত

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানসহ বিশ্বের একাধিক নেতা-রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানসহ বিশ্বের একাধিক নেতা-রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বিশেষ প্রতিবেদক :

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এরদোয়ানের সঙ্গে বৈঠক: ১০ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রায় ৩০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন এরদোয়ান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সহযোগিতা চান তারেক রহমান। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে: চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে: শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উজবেকিস্তান সফরের আমন্ত্রণও জানান দেশটির প্রেসিডেন্ট।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে: এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের কূটনৈতিক ভূমিকা জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু অভিযোজন, অভিবাসন ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এসব সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানান নেতারা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। সেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের প্যাভিলিয়ন ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিন দিনের সফর শেষে আন্তালিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন