নড়াইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকালে শুরু হওয়া এ সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতা কাবুল বিশ্বাস ও ইকবাল শিকদার সমর্থিত দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই স্থানীয় আধিপত্য, গরুর হাটের নিয়ন্ত্রণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ পাওয়া তথ্যে কোনো নিশ্চিত হতাহতের খবর না মিললেও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নড়াগাতী থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের সঙ্গে সম্প্রতি গরুর হাটের নিয়ন্ত্রণ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দ্রুত স্থায়ী সমাধান ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ