সুনামগঞ্জের মধ্যনগর সেতুর সংযোগ সড়কে ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগরে উব্দাখালী নদীর ওপর নির্মিত মধ্যনগর সেতুর উত্তর-পূর্ব পাশের সংযোগ সড়কের একাংশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়ে মাটি ধসে পড়ছে। প্রতিদিন ভাঙনের পরিমাণ বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সংস্কার ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগর সেতুর উত্তর-পূর্ব সংযোগ সড়কের একপাশে দীর্ঘদিন ধরে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধীরে ধীরে গর্তের আকার বড় হচ্ছে এবং সড়কের নিচের অংশ ধসে যাচ্ছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ অংশের পাশ দিয়েই প্রতিদিন যানবাহন ও সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, মধ্যনগরসহ সীমান্তবর্তী মহিষখলা, টেকেরঘাট ও লাউড়েরগড় এলাকার সঙ্গে সুনামগঞ্জ জেলা শহর এবং ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় যোগাযোগে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিন শত শত মোটরসাইকেল, সিএনজিচালিত, অটোরিকশা, পণ্যবাহী যানবাহন ও পথচারী এই সেতু ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি অবহেলিত থাকায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে টানা বৃষ্টির কারণে ভাঙনের মাত্রা বেড়েই চলেছে। সময়মতো সংস্কার না হলে সেতুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৬ সালে মধ্যনগর সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। পরে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর এলজিইডির অধীনে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের (সিআইবিআরআর) আওতায় উব্দাখালী নদীর ওপর ৩২০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজের দায়িত্ব পায় তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রায় ৪৭ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৮০০ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয় সিএনজি চালক লাভলু মিয়া ও একাধিক মোটরসাইকেল চালক বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছেন। সংযোগ সড়কের গর্তের পাশ দিয়ে যানবাহন চালাতে আতঙ্ক কাজ করে, বিশেষ করে রাতের সময় ঝুঁকি আরও বেড়ে যায়। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বলেন, সেতুর অ্যাপ্রোচ সড়কের এই ভাঙন অত্যন্ত উদ্বেগজনক এবং জননিরাপত্তার জন্য বড় হুমকি। দিন দিন গর্তের আকার বড় হচ্ছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সেতুর সংযোগ সড়কের আরও অংশ ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শাহাব উদ্দিন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। সাময়িকভাবে বস্তায় মাটি দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে অর্থ বরাদ্দের মাধ্যমে পূর্ণাঙ্গ সংস্কারকাজ করা হবে।
আপনার মতামত লিখুন :