অশ্লীলতা বন্ধ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার নির্দেশ, পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক :
সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে এসব ঘটনার জন্য প্রকাশ্যে ও লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ আইনি নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি কিংবা শৈল্পিক ও শিক্ষাগত মূল্যবিহীন অশ্লীল নৃত্যসহ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান পরীমনি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।
এ সময় পরীমনি সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষীরা ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপড ভেঙে ফেলেন বলেও উল্লেখ করা হয়। ওই ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিবেদক আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামে একজন বিচারপ্রার্থীও আহত হন এবং তাঁর মাথা ফেটে রক্তপাত হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সমকালের প্রতিবেদক রবিউল হোসাইনের দিকে তেড়ে যান এবং তাঁকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁকে পিষে মেরে ফেলার হুমকিও দেন। এ ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশে বলেন, একজন পেশাগত সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তাঁর পেশাগত মর্যাদার ওপর আঘাতের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সেখানে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী দিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ কিংবা পেশিশক্তি প্রদর্শনের সুযোগ নেই।
নোটিশে পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর দেওয়া একটি পোস্টের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে অভিযোগ করা হয়, তিনি বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে অশালীন ভাষাসংবলিত একটি পোস্ট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড শিশু-কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জাতীয় সংগীতের মর্যাদা রক্ষায় সংবিধানের ৪ অনুচ্ছেদ এবং ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’-এর সংশ্লিষ্ট বিধানের কথা উল্লেখ করা হয়েছে নোটিশে। পাশাপাশি দণ্ডবিধির ৫০৩, ৫০৪, ৫০৬, ৪৯৯ ও ৫০০ ধারার আওতায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃত অপমান ও মানহানির শাস্তির বিধানও তুলে ধরা হয়েছে।
নোটিশে বলা হয়, একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পরীমনির আচরণ ও কর্মকাণ্ড অনেকেই অনুসরণ করেন। তাই তাঁর কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বিতর্কিত আচরণ এবং জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর পোস্টের ঘটনায় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো সাংগঠনিক বা শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সংগঠনটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।
