1. জাতীয়
  2. বিস্তারিত

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : স্পিকার

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : স্পিকার
নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ অপশক্তিকে প্রতিহত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

স্পিকার বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন। এ অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার।

এ ছাড়া ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। এর মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন