গোপালগঞ্জে সহিংসতার পর নিরাপত্তা জোরদার, মোতায়েন এপিসি ও ড্রোন
গোপালগঞ্জ প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছে পুলিশ ও এসআরবি।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে সংযুক্ত করা হয়েছে শরীরে ধারণযোগ্য ক্যামেরা। এ ছাড়া ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও চিত্র সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও প্রস্তুত রয়েছে বিজিবি।
এদিকে সোমবার সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন অনেকে। খুলতে শুরু করেছে দোকানপাট। সড়কে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। একই সময়ে গ্রামীণ ব্যাংকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে রোববার দিনভর সহিংসতা ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সন্ধ্যায় গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
অন্যদিকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি. এম. সরফরাজ।
