1. জাতীয়
  2. বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পরিবারের সদস্যসহ দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

স্মরণসভাকে কেন্দ্র করে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এ উপলক্ষে ‘নাগরিক সমাজের’ পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে স্মারকগ্রন্থের জন্য মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিরা তাঁদের লেখা পাঠাতে পারবেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে লেখা পাঠাতে হবে nagorikshoronshova@gmail.com ঠিকানায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়।

দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও সংক্রমণসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ২০২৫ সালের ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় একটি সময় কেটেছে রাজপথের আন্দোলন-সংগ্রামে। রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন; তবে দেশ ছেড়ে যাননি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কোনো আসনে কখনো পরাজিত হননি তিনি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন