ভাঙ্গায় আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, মহাসড়কে আগুন-ভাঙচুর
ভাঙ্গা (ফরিদপুর) প্রিতিনিধ :
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া, মহাসড়কে যান চলাচল বন্ধ এবং বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামিদদী বাসস্ট্যান্ড এলাকায় হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত পাওয়া গেছে।
নিহতের চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করে বলেন, তাঁর ভাতিজা রাজু মোল্লাকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা করে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
এদিকে কৃষক দল নেতা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
