পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত ইসরায়েলের ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক :
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণে জড়িত আটটি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ‘জাভ ৯’ নামে একটি ইসরায়েলি গোষ্ঠীকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে দেশটি।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক নীতি টিকিয়ে রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।
নিষেধাজ্ঞার আওতায় আসা ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শমরন লিমিটেড এবং এস এ জি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের পরিচালকদের পরিচালক পদ থেকে অপসারণ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গাজায় খাদ্য, সুপেয় পানি ও জ্বালানিবাহী ত্রাণবাহী ট্রাকের প্রবেশে নিয়মিত বাধা দেওয়ার অভিযোগে ‘জাভ ৯’ নামের ইসরায়েলি গোষ্ঠীটির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পশ্চিম তীরের বিতর্কিত ‘ই১’ বসতি প্রকল্পের দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে এ নিষেধাজ্ঞার ঘোষণা এলো। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড বিচ্ছিন্ন ও খণ্ডিত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেমের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করাই তাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
‘ই১’ প্রকল্পের বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কোনো পক্ষেরই এ প্রকল্পে দরপত্র জমা দেওয়া বা নির্মাণকাজে অংশ নেওয়া উচিত নয়। শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে কোনো ধরনের মুনাফা অর্জনের চেষ্টাও গ্রহণযোগ্য নয়।
