1. জাতীয়
  2. বিস্তারিত

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৭২

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৭২
নিউজ বাংলা ডেস্ক :

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর আরও ১০৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ২৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং হামের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন