স্বর্গ বহুদূর (কবিতা)
আকিব অভীর
নরকের দরজায় তার অবতরণ
অভিশপ্ত সেই আত্মাটির দেহত্ব ধারণ উদযাপন
পরলোক ছেড়ে নেমে আসা সবুজ ধরনীর বুকে,
স্বপ্ন দেখতে শুরু করেছিল সে নিষ্ক্রিয় দুটি চোখে।
জাঁকজমকতায় ভুলে গিয়েছিল নিজ শেকড়ের ঠিকানা,
বারে বারে তাই মেলতে চাইত কুৎসিত দুটো ডানা।
আশা রাখত মনে মনে সে দিগ্বিজয়ী হবার,
পুরাকালেই যে লেখা হয়েছে পরাজয় কপালে তার।
যতবার সে মনে প্রাণে করত শান্তির খোঁজ,
সান্ত্বনার মলাটে উপহার পেত অশান্তি হর রোজ।
হস্তযুগল তুলে সে গাইত প্রার্থণার করুণ সুর,
বুঝত না সে নরক হতে স্বর্গ তো বহুদূর।
চেতনায় যখন ধরা দিল তার বাস্তবতার ছবি,
হয়ে গেল সে আত্মরচনার তুচ্ছ এক কবি।
অন্ধকারের বাসিন্দা সে অন্ধকার তার ঘর,
অভিশাপে পরিপূর্ণ জীবন অভিশপ্ত তার কবর।
