গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় ভাঙচুর চালিয়ে কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়াসহ কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একই সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় হামলা চালিয়ে আসবাবপত্র ও বিভিন্ন কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশের পরিদর্শক আবু আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
