1. অর্থনীতি
  2. বিস্তারিত

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা স্থগিত
অর্থনীতি ডেস্ক :

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য’ কারণে সকালে সভা স্থগিতের কথা জানানো হয়। শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মজুরি বোর্ড।

জানা গেছে, বোর্ডের স্থায়ী সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সভা করতে চায়নি বোর্ড। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।

এর আগে, পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দেন। অন্যদিকে, শিল্পের সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রস্তাব তৈরি করা হচ্ছে বলে জানিয়েছিলেন মালিকপক্ষের উদ্যোক্তারা।

পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই মজুরি কার্যকর হয় একই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে।

২০২৩ সালে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন