1. অর্থনীতি
  2. বিস্তারিত

মূল্যস্ফীতি কিছুটা কমেছে, আরও কমানোর চেষ্টা চলছে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমেছে, আরও কমানোর চেষ্টা চলছে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর
নিজস্ব প্রতিবেদক:

দেশে মূল্যস্ফীতি কিছুটা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও কমিয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতির অধিকাংশ সূচকই নেতিবাচক অবস্থায় ছিল। এর পাশাপাশি ব্যাংকিং খাতেও নানা ধরনের সমস্যা বিদ্যমান ছিল। এ খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ চুরি হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্যাংকিং খাতের ঋণ বিতরণ ব্যবস্থায় ভারসাম্য আনার ওপর গুরুত্বারোপ করে মো. মোস্তাকুর রহমান বলেন, বর্তমানে দেশের ব্যাংকগুলোর মোট ঋণের ৭০ থেকে ৮০ শতাংশই করপোরেট খাতে কেন্দ্রীভূত। এ অবস্থার পরিবর্তনে আগামী বছর থেকে ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ঋণের ২০ শতাংশ রিটেইল বা ব্যক্তি পর্যায়ে, ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এবং ৪৫ শতাংশ করপোরেট খাতে বিতরণের লক্ষ্য নির্ধারণ করতে চায় বাংলাদেশ ব্যাংক।

গভর্নর আরও বলেন, করপোরেট খাতের অর্থায়নের বড় অংশ পুঁজিবাজার থেকে আসুক, সেটিই তারা চান। পাশাপাশি ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে ঋণ বিতরণের ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন