1. জাতীয়
  2. বিস্তারিত

যানজট নিরসনে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায়ও চলবে মনোরেল : প্রধানমন্ত্রী

যানজট নিরসনে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায়ও চলবে মনোরেল : প্রধানমন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনা বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যেই ৫০টি পয়েন্টে এসব আধুনিক এআই সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি সচল হবে। এগুলো চালু হলে রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

ঢাকার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজধানীর কয়েকটি রুটে ইতোমধ্যে মেট্রোরেল চালু হয়েছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নগরবাসীর যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করতে মনোরেল চালুর বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, মনোরেল অপেক্ষাকৃত কম জায়গা ব্যবহার করে চলাচল করতে পারে। ফলে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও এই পরিবহনব্যবস্থা চালু করা সম্ভব। বিশেষ করে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে মনোরেল সম্প্রসারণের সুযোগ রয়েছে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন