1. সারাদেশ
  2. বিস্তারিত

সিলেটে আশিক আলী হত্যা মামলার প্রধান আসামি আঙ্গুর ঢাকা থেকে আটক

সিলেটে আশিক আলী হত্যা মামলার প্রধান আসামি আঙ্গুর ঢাকা থেকে আটক
নিউজ বাংলা ডেস্ক :

সিলেটের কোম্পানীগঞ্জে নাতনিকে চড় মারার ঘটনার জেরে নানা আশিক আলী (৬৫) হত্যা মামলার প্রধান আসামি আঙ্গুর আলীকে (৩৫) ঢাকা থেকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৯ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকার তুরাগ থানাধীন খালপাড় কাঁচাবাজার এলাকায় মেসার্স রফিক এন্টারপ্রাইজের লাল মিয়ার দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

আটক আঙ্গুর আলী সিলেটের কোম্পানীগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। তিনি কোম্পানীগঞ্জ এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাসকারী দুই পরিবারের মধ্যে পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৮ অক্টোবর দুপুরে আশিক আলীর ১০ বছর বয়সী নাতনি মনিশা আক্তার নদীতে গোসল করতে যাওয়ার পথে প্রতিবেশী দুদু মিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে বিষয়টি জানালে তার বাবা মারুফ আহমদ এ বিষয়ে দুদু মিয়ার কাছে জানতে চান।

এ সময় দুদু মিয়ার ছেলে জুবায়েদ মিয়া ক্ষিপ্ত হয়ে মারুফ আহমদকে ছুরিকাঘাত করেন। এতে তাঁর ডান হাতের কব্জিতে জখম হয়। পরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে শব্দ শুনে আশিক আলী ঝগড়া থামাতে বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে যান।

অভিযোগ অনুযায়ী, এ সময় বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আশিক আলীর ওপর হামলা চালান। তাঁকে মাটিতে ফেলে বুক, পিঠ, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি দায়েরের পর আসামিদের আটকে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সদর কোম্পানি ও ঢাকার উত্তরা এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআরবি-১-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে আঙ্গুর আলীকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ নভেম্বর একই মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামিকেও আটক করেছিল এসআরবি-৯। আটক আঙ্গুর আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন