ককটেল ও গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না : রিজভী
নিউজ বাংলা ডেস্ক :
গণতন্ত্রের যে পথচলা শুরু হয়েছে, তা কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে রুদ্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্তপিপাসু। জুলাইয়ে তিনি তাজা রক্ত ঝরিয়েছেন এবং ১ হাজার ৪০০ শিশুকে হত্যা করিয়েছেন। ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার রক্তের নেশা শেষ হয়নি। বিভিন্ন বার্তা ও অডিও বার্তার মাধ্যমে হত্যা এবং জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করছে, রক্ত ঝরিয়ে আবার ক্ষমতায় ফিরে আসবে। ব্যাংক লুট ও জমিজমা দখলের আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা রক্তাক্ত পথ বেছে নিচ্ছে। কোনো অন্যায্য সরকার কখনো নির্বাচিত সরকারকে পরাস্ত করে ক্ষমতায় ফিরতে পারবে না।
১৯৭১ সালে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। এ বিপ্লবের মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।
