বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, আলোচনায় আসতে পারে ৬ বিল
নিউজ বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে। এতে মোট ১০ কার্যদিবস নির্ধারণের সম্ভাবনা রয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে। এসব বিলের ওপর সংসদে আলোচনা হবে।
আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশন সংক্ষিপ্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি মাসে সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসাবে ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।
এদিকে, অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অধিবেশনের মেয়াদ, কার্যদিবস ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো স্থান পাবে। এ ছাড়া বিরোধী দলের পক্ষ থেকে চলমান কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও আলোচনার জন্য সময় নির্ধারণ করা হতে পারে।
তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপিত হচ্ছে না। সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি এ নিয়ে প্রস্তাব তৈরির কাজ করছে। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
