শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদনের ভিত্তি নেই : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নিউজ বাংলা ডেস্ক :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। প্রতিবেদনে ভারতের পক্ষ থেকে যে শর্তগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ‘শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। এতে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে বলে দিল্লির সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হলো, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।
এ দুটি শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে বিবিসির ওই প্রতিবেদনের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ ধরনের প্রতিবেদন যে কেউ করতে পারে। কিন্তু ভারত এ রকম কোনো শর্ত বা চাওয়ার কথা বাংলাদেশকে জানায়নি।
এদিকে, আওয়ামী লীগ অতীতের মতো এখনো পেট্রোল বোমা নিক্ষেপ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
