1. সারাদেশ
  2. বিস্তারিত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত এসআই ফরিদ আহমেদের মৃত্যু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত এসআই ফরিদ আহমেদের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ মারা গেছেন। দুর্ঘটনার পর ১৩ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদ আহমেদ বাসাইল থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সরকার বাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর সকালে ফরিদ আহমেদ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পাশের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে বাসাইল থানাসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সর্বশেষ তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদ আহমেদের মরদেহ সরাসরি তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

ওসি আরও বলেন, ফরিদ আহমেদ একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে থানার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন