1
2
| প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দল গঠনে সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মানবে না : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না। ১৯ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, অন্তবর্তী সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু এর মধ্যেই কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা (সরকার) নির্বাচন নিয়ে আন্তরিক কিনা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারণ আছে এই সন্দেহ তৈরি হওয়ার। গতকাল খবরে দেখেছেন আপনারা যে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন -ফ্যাসিস্টের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? এর থেকে এখন এটাই প্রমাণিত হয়েছে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়।
মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা গতকাল এ কথাটা বলেছেন, অনেকেই হয়ত তার বক্তব্যটি খেয়াল করেননি। তার মানে কি আমরা এটা মনে করব তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য, তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। এদেশের মানুষ তা হতে দেবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব জানান, যেকোন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাব। ইতোমধ্যে নতুন গঠিত ছাত্র সংগঠনকে তিনি স্বাগত জানান। যখন রাজনৈতিক দল গঠন হবে তখনও তিনি স্বাগত জানাবেন।
বিএনপি মহাসচিব বলেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত