নিউজ বাংলা ডেস্ক :
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখতে হবে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যবইয়ের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।