নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ ঝড়ে নিহত ৪, ক্ষতিগ্রস্ত ৮ হাজার বাড়িঘর

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ ঝড়ে নিহত ৪, ক্ষতিগ্রস্ত ৮ হাজার বাড়িঘর
আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের তুপানসিরেতা শহরে ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আঘাতে অন্তত চারজন নিহত ও ১৬২ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮ হাজার ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল। ঝড়ের কারণে শহরটির প্রায় ২০ হাজার বাসিন্দার অধিকাংশই বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে শহরটির ওপর দিয়ে বয়ে যায় শক্তিশালী এ ঝড়। ঝড়ের পর শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে ধ্বংসস্তূপ সরানো, ঘরবাড়ি মেরামত এবং প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বাসিন্দারা।

ধ্বংসস্তূপের মধ্য থেকে তোশক, আসবাবপত্র ও সাইকেল উদ্ধারের পাশাপাশি অনেককে ক্ষতিগ্রস্ত বাড়ির ছাদে উঠে অস্থায়ী মেরামতের কাজ করতে দেখা গেছে।

শহরটির ৬৪ বছর বয়সী বাসিন্দা ও রাজমিস্ত্রি ইভাইর প্রিয়েতো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি বাথরুমে গিয়েছিলাম এবং ফিরে এসে দেখি ঘরে ঢুকতে পারছি না। দরজা আটকে গিয়েছিল এবং বাড়িটা ততক্ষণে ভেঙে গিয়েছে।’ সবকিছু হারালেও পরিবারের কেউ আহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও আগের ৬০ জনের হিসাব ছাড়িয়ে ১৬২ জনে পৌঁছেছে।

ঝড়ের কারণে শহরের প্রায় সব বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হলেও সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন মাত্র ৩০ জনের মতো। হাজার হাজার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। শহরের বিস্তীর্ণ এলাকায় ছাদবিহীন বাড়িঘর ও চালাঘর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। রাস্তায় পড়ে আছে উপড়ে যাওয়া গাছপালা ও নানা ধরনের ধ্বংসাবশেষ।

শুক্রবার ভোর হওয়ার মাত্র ৪০ মিনিট আগে ঝড়টি শহরের ওপর দিয়ে বয়ে যায়। শহরের মেয়র গুস্তাভো হার্টার পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘শহরটা নিশ্চিহ্ন হয়ে গেছে।’

ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউটের (ইনমেট) তথ্যমতে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১৪ কিলোমিটার (৭১ মাইল) পর্যন্ত পৌঁছেছিল। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ঝড়টিকে শক্তিশালী ‘সুপারসেল’ বজ্রঝড় হিসেবে চিহ্নিত করেছে।

গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়ায় রিও গ্রান্দে দো সুল রাজ্যের প্রায় ৩০টি পৌরসভায় প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুপানসিরেতা। এখন পর্যন্ত হতাহত হওয়ার খবরও এসেছে শুধু এই শহর থেকেই।

দুর্গতদের সহায়তায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এলাকায় চিকিৎসা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুনর্গঠন কার্যক্রমের জন্য রাজ্যপাল এদুয়ার্দো লেইতে ৭০ লাখ রিয়াল, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান, বরাদ্দ করেছেন।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ব্রাজিলে প্রায়ই টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী আবহাওয়া নেটওয়ার্ক ‘প্রিভটস’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে টর্নেডো ও এ ধরনের দুর্যোগের রেকর্ড ৯২টি ঘটনা ঘটেছিল।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5201