নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

যুক্তরাষ্ট্রের দাবির জবাবে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন ইরানের

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রের দাবির জবাবে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন ইরানের
আন্তর্জাতিক ডেস্ক :

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন উৎক্ষেপক উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে নতুন এই অস্ত্রব্যবস্থার উপস্থিতি দেখা গেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের দাবি নাকচ করতেই নতুন উৎক্ষেপকটি সামনে এনেছে তেহরান বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ভূগর্ভস্থ একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় নতুন উৎক্ষেপকটি দেখানো হয়। আইআরজিসির দাবি, এই উৎক্ষেপক থেকে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। তবে স্থাপনাটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নতুন উৎক্ষেপকটি ইরানের আগে ব্যবহৃত দ্বৈত উৎক্ষেপক ব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে করা হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতো। নতুন ব্যবস্থায় তরল জ্বালানি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রের জ্বালানি কার্যকারিতা বাড়তে পারে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালকদের বাড়তি সক্ষমতা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত আবারও তীব্র হয়ে ওঠার আশঙ্কার মধ্যে নতুন অস্ত্রব্যবস্থাটি উন্মোচন করল তেহরান। এর মাধ্যমে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অক্ষত ও কার্যকর রয়েছে, এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে ইরান।

নতুন উৎক্ষেপক উন্মোচনের সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি বলেন, তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের যুদ্ধ কাঠামোয় চমকে দেওয়ার মতো নতুন সক্ষমতা এবং অত্যন্ত কার্যকর অস্ত্রব্যবস্থা যুক্ত করেছি।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5197