নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়
খেলাধুলা ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের পরও শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোর বিপক্ষে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২১ নভেম্বর) লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে কার্লোস এসপির গোলে নিশ্চিত হয় রিয়ালের নাটকীয় জয়।

ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ ছয়টি পেনাল্টির মধ্যে এটি ছিল এমবাপ্পের তৃতীয়বার গোল করতে ব্যর্থ হওয়ার ঘটনা। তবে তাঁর এই ব্যর্থতা শেষ পর্যন্ত রিয়ালের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট এখন রিয়াল মাদ্রিদেরও। তবে রিয়াল এক ম্যাচ বেশি খেলেছে। রোববার নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

এমবাপ্পের পেনাল্টি মিসের কারণে চলতি মৌসুমে এর আগেও পয়েন্ট হারিয়েছিল রিয়াল। এবারও তাঁর ব্যর্থতায় দুই পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। পেনাল্টি থেকে নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

এর আগে সেপ্টেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের হয়েও পেনাল্টি মিস করেছিলেন তিনি। ওই দুই ম্যাচে নিচু শটে প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে বল তুলে দিয়েছিলেন এমবাপ্পে। এবার সম্ভবত উঁচু দিয়ে শট নেওয়ার চেষ্টা করেন তিনি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় সেল্টা ভিগো। উইলিয়ট সোয়েডবার্গের নিচু ক্রস থেকে কাছাকাছি অবস্থানে বল জালে পাঠান পাবলো দুরান।

পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। সেল্টার ডিফেন্ডার হাভিয়ের রদ্রিগেজ এমবাপ্পের হাত টেনে ধরলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সের ঠিক ভেতর থেকে নিচু শটে গোল করেন জুড বেলিংহাম। এরপর জয়সূচক গোলের জন্য আক্রমণের ধার বাড়ায় রিয়াল।

ম্যাচের একেবারে শেষ দিকে কার্লোস এসপির প্রথম হেড গোলরক্ষক ইয়োনুত রাদু ঠেকিয়ে দিলেও ফিরতি বলে আর রক্ষা হয়নি সেল্টার। দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে পাঠিয়ে রিয়ালকে ২-১ গোলের জয় এনে দেন এসপি।

এদিকে সেভিয়া ডার্বিতে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেভিয়া। যোগ করা সময়ে কিকে সালাসের গোলে সমতায় ফেরে তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারী বেতিসকে এগিয়ে দিয়েছিলেন অ্যান্টনি। চলতি মৌসুমে এটি ছিল তাঁর প্রথম গোল। তবে শেষ মুহূর্তে সমতায় ফেরায় জয় পাওয়া হয়নি বেতিসের। একই সঙ্গে লিগের শীর্ষ তিনে ওঠার সুযোগও হাতছাড়া করে দলটি।

অন্যদিকে আট ম্যাচের জয়হীন ধারার অবসান ঘটিয়েছে দেপোর্তিভো আলাভেস। নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে প্রথমে অ্যাঞ্জেল পেরেজের গোলে এগিয়ে যায় আলাভেস। পরে নাহুয়েল তেনাগলিয়ার আত্মঘাতী গোলে সমতায় ফেরে লা করুনা। এর আগে পেনাল্টি মিস করা লুকাস বোয়ে আলাভেসের হয়ে দ্বিতীয় গোলটি করেন। যোগ করা সময়ে দেনিস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এ ছাড়া রায়ো ভায়েকানোর মাঠে ১-০ গোলে জিতে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে জোসে কোপেতের হেড থেকে পাওয়া গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5193