আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের নিজস্ব অবকাঠামোতে কোনো ধরনের হামলা চালানো হলে শত্রুপক্ষের অবকাঠামোতেও পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদোলরেজা আবেদ। ইরানের বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকিকে গুরুত্ব না দিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার আবদোলরেজা আবেদ তাসনিম সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষের হুমকিগুলো পুরোপুরি ফাঁপা। ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে পাল্টা ব্যবস্থা হিসেবে শত্রুপক্ষের অবকাঠামোতেও নিশ্চিতভাবে আঘাত হানা হবে।
ইরানের বাঁধগুলোতে হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন এই আইআরজিসি কমান্ডার। তবে ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন কিংবা ভুল পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি