নিউজ বাংলা ডেস্ক :
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং আগামী দিনেও এ অবস্থা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে এবং শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় অংশ নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।
আইজিপি বলেন, যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে সম্মিলিতভাবে অবস্থান নিতে হবে। এ ধরনের মানুষের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের দায়িত্ব পালনে জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, ‘আপনারাই যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? মানুষ আইন মেনে না চললে আর পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও সংশ্লিষ্ট থানায় পুলিশ সদস্য থাকতে পারেন মাত্র ২০ জন। এলাকার মানুষের সমর্থন ও সহযোগিতা ছাড়া এই অল্পসংখ্যক পুলিশ সদস্যের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।
আইজিপি আরও বলেন, এলাকার মানুষ যদি মনে করেন সেখানে পুলিশের প্রয়োজন নেই, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদেরই নিতে হবে। মূল কথা হলো, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
লাগাতার কর্মসূচির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অতীতেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, সেগুলোর পরিণতিও সবাই দেখেছেন। তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের যেন কঠোর অবস্থানে যেতে না লাগে।