নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিবাচক : প্রধানমন্ত্রী

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিবাচক : প্রধানমন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।

আগামীকাল শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।

তিনি বলেন, এই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমানও ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসিকতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই বাহিনীর ভূমিকা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশের সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।

তারেক রহমান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

বাণীর শেষাংশে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন। সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5183