খেলাধুলা ডেস্ক :
অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে নিজের নাম ও ছবি ব্যবহার বন্ধ করতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির চুক্তি থাকা সত্ত্বেও তাঁর অজান্তে দেশটির আরেকটি বিয়ার কোম্পানিকে ছবি ব্যবহারের অনুমতি দেয় এএফএ। আর এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন ও এ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে নিজের নাম ও ছবি ব্যবহারের ঘটনায় চরম অসন্তুষ্ট মেসি। যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে তাঁর বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু সেই চুক্তির বিষয়টি উপেক্ষা করে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া আর্জেন্টিনার একটি স্থানীয় বিয়ার কোম্পানিকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মেসির আইনজীবীরা এএফএকে কঠোর আইনি নোটিশ পাঠিয়েছেন। জাতীয় দলের হয়ে ফুটবল খেলার বাইরে ফেডারেশনের নিজস্ব ব্যবসায়িক স্বার্থে মেসির নাম, ছবি কিংবা ব্যক্তিগত ভাবমূর্তি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার দাবি জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের দাবি, এ ঘটনার জেরে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্কও ছিন্ন করেছেন মেসি।
তবে শুধু বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিরোধই নয়, এএফএর সঙ্গে মেসির অসন্তোষের পেছনে রয়েছে আরও কিছু কারণ। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচের চুক্তি ভঙ্গের মামলায় এএফএর অব্যবস্থাপনার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়ে তাঁর নাম।
আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য একটি প্রতিষ্ঠান এএফএকে ৭০ লাখ ডলার দিয়েছিল। চুক্তি অনুযায়ী ওই ম্যাচে মেসির খেলার কথা থাকলেও তিনি মাঠে নামেননি। বরং ভিআইপি বক্সে বসে সতীর্থদের খেলা দেখেন এই আর্জেন্টাইন তারকা।
এতে ক্ষুব্ধ হয়ে আয়োজক প্রতিষ্ঠানটি প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতে এএফএ ও মেসির বিরুদ্ধে ১০টি ধারায় মামলা করে।
পরবর্তী সময়ে এ ঘটনায় এএফএর অব্যবস্থাপনাকেই দায়ী করে মেসির পরিবার। ফলে ফেডারেশনের সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।