নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

জরুরি চিকিৎসা না পেলে কারাগারেই মৃত্যু হতে পারে : ইমরান খান

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জরুরি চিকিৎসা না পেলে কারাগারেই মৃত্যু হতে পারে : ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক :

জরুরি চিকিৎসা না পেলে কারাগারেই তাঁর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। দীর্ঘদিনের বন্দিজীবন শেষে তিনি ‘জীবিত ফিরতে না-ও পারেন’ বলেও সতর্ক করেছেন। নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

কারাগার থেকে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে লেখা এক চিঠিতে ইমরান খান জানান, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে প্রয়োজনীয় অস্ত্রোপচার না হলে তাঁর স্ত্রী বুশরা বিবি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন।

৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক এই ক্রিকেটার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর আইনজীবী সালমান সাফদার চিঠিটিকে মানবিক বিবেচনায় চিকিৎসার আবেদন হিসেবে বর্ণনা করেছেন।

চিঠিতে ইমরান খান অভিযোগ করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর তাঁকে ও তাঁর স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। এ সময়ে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।

দীর্ঘদিনের এই নির্জন কারাবাসকে নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি উল্লেখ করে ইমরান বলেন, এর ফলে তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে।

নিজের শারীরিক অবস্থার বর্ণনায় তিনি জানান, ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। রক্তচাপও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার প্রভাব পড়েছে হৃদ্‌যন্ত্রে। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

চিঠিতে ইমরান আরও অভিযোগ করেন, গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি। পরিবর্তে তাঁকে অল্প সময়ের জন্য একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে কারাগারে ফেরার উপযুক্ত বলে জানান।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। তাঁর দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গোপনে তাঁর জটিল অস্ত্রোপচার করা হয়। আরও একটি অস্ত্রোপচার না হলে বুশরা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এ অবস্থায় তাঁকে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

এদিকে ইমরানের ছেলে সুলাইমান ও কাসিম খান গত সেপ্টেম্বরে অভিযোগ করেছিলেন, প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে নির্জন কারাবাসে রাখার মাধ্যমে পাকিস্তান সরকার তাঁদের বাবাকে হত্যার চেষ্টা করছে। তাঁদের আশঙ্কা, রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মতো পরিণতি হতে পারে ইমরানের।

ইমরানের বোন উজমা খান কারাগারে তাঁর সঙ্গে দেখা করে ভাইয়ের দৃষ্টিশক্তি হারানোর বিষয়টি সামনে আনেন। অন্যদিকে তাঁর আরেক বোন আলিমা খানও কারাগারে রয়েছেন।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা সাঈদ জুলফি বুখারি বলেন, ইমরান খানের এই খোলা চিঠির উদ্দেশ্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। তাঁর ভাষায়, ইমরান কোনো বিশেষ সুবিধা বা সমঝোতা চান না; তিনি চান ন্যায়বিচার ও মানবিক চিকিৎসা।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5173