নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

সিলেটে এসআরবি-৯ ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় চা-পাতা ও বাজি উদ্ধার

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেটে এসআরবি-৯ ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় চা-পাতা ও  বাজি উদ্ধার
সিলেট ব্যুরো চীফ :

সিলেটের জৈন্তাপুরে এসআরবি-৯ ও সিলেট জেলা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা ও বিভিন্ন ধরনের বাজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা-পাতা, ৫৫২ বক্স তুফান চকলেট বাজি এবং ১২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় তারাবাতি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভেলুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সদর কোম্পানি ও সিলেট জেলা পুলিশের একটি যৌথ দল ভেলুপাড়া এলাকার নুরুল উল্লাহর পাকা বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নুরুল উল্লাহসহ অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তি পালিয়ে যান।

পরে বিধি অনুযায়ী বসতঘরে তল্লাশি চালিয়ে পুরোনো প্লাস্টিকের ২২টি বস্তায় রাখা ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি বস্তায় ৫৫২ বক্স তুফান চকলেট বাজি এবং ১২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় তারাবাতি পাওয়া যায়।

উদ্ধার করা মালামাল জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক নুরুল উল্লাহসহ অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় এজাহার দায়ের করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মালামাল উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5172