নিউজ বাংলা ডেস্ক :
৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি, সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি করে প্রকল্প রয়েছে।
সভায় জয়পুরহাট জেলার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর জেলার উন্নয়নে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি, সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদিত সাতটি প্রকল্প হলো, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ; জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধন); ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধন) এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ (প্রথম পর্যায়)।
পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি; জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ; সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা (প্রথম পর্যায়) এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ (প্রথম পর্যায়)।
সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো, জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ)।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রথম অংশ অনুমোদন পেয়েছে।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।