ইসলাম ডেস্ক :
ইসলাম শুধু মানুষের প্রতি নয়, বরং সমগ্র সৃষ্টিজগতের প্রতি দয়া, সহানুভূতি ও সদাচরণের শিক্ষা দিয়েছে। মানুষের পাশাপাশি পশুপাখি ও অন্যান্য জীবের প্রতিও দয়াশীল হওয়ার নির্দেশ রয়েছে পবিত্র কোরআন ও হাদিসে। অন্যের কাছ থেকে কষ্ট পেলেও প্রতিশোধের বদলে উত্তম আচরণের মাধ্যমে তার জবাব দেওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম।
হাদিসে বলা হয়েছে, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। তাই পরিবারের প্রধান যেমন পরিবারের সবার সঙ্গে ভালো আচরণ প্রত্যাশা করেন, তেমনি আল্লাহও তাঁর সৃষ্টির প্রতি উত্তম আচরণ পছন্দ করেন।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ে সদাচরণ করা আবশ্যক করেছেন। অতএব, তোমরা যখন হত্যা করবে, উত্তম পন্থায় হত্যা করবে। আর যখন জবাই করবে, উত্তম পন্থায় জবাই করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধারালো করে নেয় এবং জবাইকৃত প্রাণীকে কষ্ট থেকে মুক্তি দেয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৫৫)
দয়া ও সহানুভূতি হবে সবার প্রতি
ইসলামের দয়া ও সহানুভূতির শিক্ষা সর্বজনীন। সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শনের ক্ষেত্রে ইসলাম মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য করেনি। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জমিনের যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪১)
অর্থাৎ আল্লাহর সৃষ্টির প্রতি দয়াশীল হলে আল্লাহর রহমত লাভের পথ সুগম হয়। তাই মানুষের পাশাপাশি পশুপাখি ও সব জীবের প্রতি সদয় আচরণ করা প্রত্যেকের দায়িত্ব।
কষ্টের জবাব দিতে হবে উত্তম আচরণে
ইসলাম শুধু অন্যের প্রতি দয়া করার নির্দেশই দেয়নি, বরং কেউ কষ্ট দিলে তার জবাবে একই ধরনের আচরণ না করার শিক্ষাও দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘মন্দের মোকাবেলা করো, যা উত্তম তা দ্বারা।’ (সুরা মুমিনুন, আয়াত: ৯৬)
আল্লামা সাদি (রহ.) এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ‘যদি তোমার শত্রুরা কথা ও কাজে তোমাকে কষ্ট দেয়, তবে তুমি তাদের মোকাবেলা কষ্ট বা মন্দ দিয়ে কোরো না।’ (তাফসিরে সাদি, পৃষ্ঠা: ৫৫৮)
মনীষীদের দৃষ্টিতে অন্যের প্রতি দয়া
কোরআন ও হাদিসের পাশাপাশি মুসলিম মনীষীরাও সৃষ্টিজীবের প্রতি দয়া, অনুগ্রহ ও উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন।
হজরত উসমান ইবনে আফফান (রা.) বলেছেন, মানুষের করা আমলের মধ্যে নামাজ সর্বোত্তম। মানুষ তোমার সঙ্গে উত্তম আচরণ করলে তুমিও তাদের সঙ্গে উত্তম আচরণ করবে। আর তারা মন্দ আচরণ করলে তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। (সহিহ বুখারি, হাদিস: ৬৯৫)
হজরত আলী ইবনে আবি তালিব (রা.) বলেছেন, প্রকৃতপক্ষে আমি কারো প্রতি দয়া করিনি কিংবা কারো প্রতি মন্দ আচরণও করিনি। কারণ, আল্লাহ বলেছেন, কেউ ভালো কাজ করলে তা নিজের কল্যাণের জন্যই করে, আর মন্দ কাজ করলে তার পরিণতিও তার ওপরই বর্তায়। সুতরাং আমি ভালো করলে নিজেরই কল্যাণ করেছি, আর কারো প্রতি মন্দ আচরণ করলে নিজেরই ক্ষতি করেছি। (গাম্বিহুল গাফিলিন, পৃষ্ঠা: ৩৭৮)
হাসান বসরি (রহ.) বলেছেন, মুমিনের মধ্যে উত্তম আচরণ ও দয়া একত্র হয়। আর মুনাফিকের মধ্যে মন্দ আচরণ ও আল্লাহর শাস্তি সম্পর্কে নির্ভয়তা একত্র হয়। (তাফসিরে তাবারি, ১৭/৬৮)
অন্যকে কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণতি
কোরআন ও হাদিসে অন্যের অধিকার নষ্ট করা এবং সৃষ্টিজীবকে কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। মানুষের সঙ্গে অন্যায় আচরণ করলে শুধু দুনিয়াতেই নয়, পরকালেও এর জবাবদিহি করতে হবে।
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে তিনি নিজেই বাদী হবেন। তারা হলো, যে আল্লাহর নামে ওয়াদা করে তা ভঙ্গ করে, যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করে এবং যে শ্রমিক নিয়োগ করে তার কাছ থেকে পুরো কাজ আদায় করার পরও পারিশ্রমিক দেয় না। (সহিহ বুখারি, হাদিস: ২২২৭)
মানুষের অধিকার নষ্ট করার আরেকটি ভয়াবহ পরিণতি হলো কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাওয়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাঁর উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে। কিন্তু দুনিয়ায় সে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্তপাত করেছে কিংবা কাউকে মারধর করেছে। তখন তার নেকি থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা পরিশোধ করা হবে। নেকি শেষ হয়ে গেলে ক্ষতিগ্রস্তদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহিহ মুসলিম, হাদিস: ৬৭৪৪)
এ ছাড়া মানুষকে অভিশাপ দেওয়াও ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অভিশাপকারী কিয়ামতের দিন সাক্ষী ও সুপারিশকারী হতে পারবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৯৮)
ইসলামের এসব শিক্ষা থেকে স্পষ্ট হয়, মানুষের প্রকৃত সৌন্দর্য শুধু ইবাদত-বন্দেগিতে সীমাবদ্ধ নয়; বরং তার আচরণ, সহানুভূতি ও অন্যের প্রতি দায়িত্ববোধের মধ্যেও প্রকাশ পায়। তাই কাউকে কষ্ট না দেওয়া, অন্যের অধিকার রক্ষা করা এবং সব সৃষ্টির প্রতি দয়াশীল হওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য।
আল্লাহ সবাইকে দয়া, সহানুভূতি ও উত্তম আচরণের অধিকারী হওয়ার তাওফিক দান করুন। আমিন।