বিনোদন ডেস্ক :
সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর ঘিরে শুরু হয়েছে আয়োজন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে সোমবার (১৬ নভেম্বর)। আর সেই তালিকায় নতুন ইতিহাস গড়েছেন পপসম্রাজ্ঞীখ্যাত মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে তাঁর মোট মনোনয়নসংখ্যা পৌঁছেছে ১০০-তে।
‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন ৪৫ বছর বয়সী এই গায়িকা। এর মধ্য দিয়ে গ্র্যামিতে তাঁর মোট মনোনয়ন দাঁড়িয়েছে ১০০টি, যা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ। শুধু মনোনয়ন নয়, সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডও বিয়ন্সের দখলে। এ পর্যন্ত ৩৫টি গ্র্যামি পুরস্কার জিতেছেন তিনি।
নিজের ‘বি’ডে’ (B’Day) অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি প্রকাশ করেন বিয়ন্সে। এর এক মাস পর স্বামী জে-জেডকে যুক্ত করে গানটির রিমিক্স সংস্করণও প্রকাশ করেন তিনি।
এদিকে এবারের আসরে পাঁচটি মনোনয়ন পেয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট। সব মিলিয়ে গ্র্যামিতে তাঁর মনোনয়নসংখ্যা এখন ৬৩ এবং পুরস্কার জয়ের সংখ্যা ১৪। নিজের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
এর মধ্য দিয়ে গ্র্যামির ইতিহাসে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পাওয়া দ্বিতীয় শিল্পী হয়েছেন সুইফট। নারী শিল্পীদের মধ্যে তিনিই প্রথম এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে একই কীর্তি গড়েছিলেন কেনড্রিক লামার। তবে এখন পর্যন্ত এই বিভাগে পুরস্কার জিততে পারেননি তিনি।
সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মনোনয়ন তালিকায় এগিয়ে রয়েছেন নারী শিল্পীরা। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। এরপর ৯টি মনোনয়ন নিয়ে রয়েছেন রোজালিয়া। ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো পেয়েছেন সাতটি করে মনোনয়ন। অন্যদিকে অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাসের ঝুলিতে রয়েছে ছয়টি করে মনোনয়ন।
মনোনয়নের সংখ্যায় এগিয়ে না থাকলেও গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে ভালো অবস্থানে রয়েছেন টেইলর সুইফট। তাঁর পাঁচটি মনোনয়নের মধ্যে তিনটিই গ্র্যামির সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘বিগ ফোর’ বিভাগে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম, ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা রেকর্ড এবং ‘আই নুড ইট, আই নুড ইউ’ গানের জন্য বর্ষসেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। সেখান থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় শুরু হবে মূল আয়োজন। এবারের অনুষ্ঠান দেখা যাবে এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে।