নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

রাজধানীতে চার বাসে আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৫২৬

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজধানীতে চার বাসে আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৫২৬
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে একের পর এক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে, বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার মধ্যে পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর চার স্থানে বাসে আগুন

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান জানান, রাত ৯টা ২৫ মিনিটের দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে অলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাস এবং রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে মঙ্গলবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার খবরও পেয়েছে পুলিশ।

মোহাম্মদপুরসহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কৃষি মার্কেটের সামনে, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এলাকায় এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া আরও একটি স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ সময়ে বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা সবচেয়ে বেশি মিরপুর বিভাগে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

যাত্রাবাড়ীতে জবি ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদপুরে যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার ভোরে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5155