নিউজ বাংলা ডেস্ক :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করেছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে দিনভর টুঙ্গিপাড়ায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
দিনভর সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় থানায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।