নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ময়নাতদন্তে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে দেখা গেছে, শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন।

এ ছাড়া সোহেল রানার দায় স্বীকার করে দেওয়া জবানবন্দি আইন অনুযায়ী স্বেচ্ছায় গ্রহণ করা হয়েছিল বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত।

মঙ্গলবার সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানান। এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল তাকে রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন।

এর আগে সোমবার একদিনেই রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, অপরাধের পুরো ঘটনা সম্পর্কে স্বপ্না খাতুন অবগত ছিলেন। তিনি বিষয়টি জানতেন বলেই স্বামী সোহেল রানাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায় ৭ জুন বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5148