নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

সোনাক্ষীর বিকৃত নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবককে মুক্তির নির্দেশ আদালতের

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সোনাক্ষীর বিকৃত নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবককে মুক্তির নির্দেশ আদালতের
বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে আসার সময় গ্রেপ্তারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় পুলিশের আবেদন খারিজ করে দেন বিচারক।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিকৃত নগ্ন ছবি তৈরি করছেন এবং সেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মুম্বাই পুলিশ।

তদন্তের একপর্যায়ে আরিয়ান দীপক জৈন নামের এক যুবককে শনাক্ত করে পুলিশ। শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার কাছ থেকে মুম্বাই পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে মুম্বাইয়ে নিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয়। এ সময় তদন্তের স্বার্থে তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

তদন্তকারী দলের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে কোন ধরনের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে পুলিশের এ আবেদন নাকচ করে দেন আদালত।

অভিযুক্তের আইনজীবীরা আদালতে দাবি করেন, গ্রেপ্তারের সময় পুলিশ বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি। গ্রেপ্তারের কারণ জানিয়ে প্রয়োজনীয় নোটিশও দেওয়া হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার আগে অভিযুক্তকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি।

আইনজীবীদের আরও অভিযোগ, অভিযোগকারী পরিচিত অভিনেত্রী হওয়ায় পুলিশ তাড়াহুড়ো করে গ্রেপ্তারের পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন আরিয়ান দীপক জৈন। তাঁর বক্তব্য, যেসব ধারায় মামলা করা হয়েছে, প্রাথমিকভাবে সেগুলোর সঙ্গে অভিযোগের যথাযথ সম্পর্ক নেই।

সব পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট বলেন, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ের আদালতে হাজির করা হয়েছে। অথচ এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দিল্লির নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাঁকে হাজির না করার বিষয়েও পুলিশ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

আদালত আরও পর্যবেক্ষণ করেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার বা আটক করার ক্ষেত্রেও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত অভিযুক্তের গ্রেপ্তারপ্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5143