নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ড বেআইনি, ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : রিজভী

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ড বেআইনি, ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : রিজভী
নিউজ বাংলা ডেস্ক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ক্ষেত্রে বিএনপি তাদের সহযোগিতা করবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে, যাতে আওয়ামী লীগ আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। এ বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক ও সজাগ রয়েছেন।

এ সময় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, সব ধরনের চক্রান্তকারীর বিষয়ে বর্তমান সরকার সতর্ক রয়েছে। চট্টগ্রামের ওই পুলিশ সুপারের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে বিভিন্ন কৌশলে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত হচ্ছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, কোথাও যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। এমনকি পোশাকশিল্প খাতেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

রিজভী আরও অভিযোগ করেন, শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ধরনের অরাজকতা চালাচ্ছেন। তাদের মালিকানাধীন পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে মোকাবিলা করছেন বলে মন্তব্য করেন তিনি।

চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশের স্বার্থ বিসর্জন দিয়েও নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা রুখতে সরকার ও জনগণকে সতর্ক থাকতে হবে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5132