নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন প্রথম বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন প্রথম বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান
সাহিত্য ডেস্ক :

আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি জিতেছেন হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার (হিপা)-এর সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড পুরস্কার’। প্রতিযোগিতার ১৫তম আসরে ‘পরিবার’ (ফ্যামিলি) বিষয়ভিত্তিক বিভাগে এই সম্মাননা অর্জন করেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হয় মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায়। দুবাইয়ের ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের একটি আলোকচিত্রের জন্য গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন পিনু রহমান। ছবিটিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া রাজধানীর কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারালেও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকে, সেই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

পিনু রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। পিরোজপুরে বেড়ে ওঠা এই আলোকচিত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

হিপার গ্র্যান্ড পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় পিনু রহমান বলেন, ‘আজ সকাল থেকে পুরো বাংলাদেশ আমার হয়ে কথা বলছে। এক জীবনে এর থেকে আর বড় কী প্রাপ্তি হতে পারে!’ এ অর্জনে বাংলাদেশের আলোকচিত্রীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী হন তিনি। এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। একই আসরে সিয়েনা আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শিরোনামের ছবির জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পান তিনি।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ বিষয়ভিত্তিক বিভাগে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন আসরে আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন।

তবে হিপার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মাননা পিনু রহমানের হাত ধরে প্রথমবারের মতো বাংলাদেশে আসায় দেশের আলোকচিত্র শিল্পে এটি একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আলোকচিত্রীদের সক্ষমতা ও সৃজনশীলতার নতুন পরিচিতি তুলে ধরেছে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5130