রাজনীতি ডেস্ক :
সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তবে অনেকের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা হলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের প্রকৃত অবস্থান প্রকাশ্যে আসায় সচেতন মানুষের কাছে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবার আচরণ প্রায় একই রকম। তারা যুক্তি বা তথ্য দিয়ে সমালোচনার জবাব না দিয়ে সংঘবদ্ধভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, জামায়াত-শিবিরের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে তিনি একের পর এক প্রশ্ন তোলায় দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও এর প্রতিফলন দেখা গেছে বলে দাবি করেন তিনি।
পোস্টে তিনি বিশেষভাবে জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠক এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ও আমির হামজাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, এসব ঘটনা প্রকাশ্যে আসায় জামায়াত নেতাদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে ‘জাহেলিয়াতি’ আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না। সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী হবে না বলেও মন্তব্য করেন তিনি।