নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

হামজাদের কান্না, পাকিস্তানের উল্লাস, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
হামজাদের কান্না, পাকিস্তানের উল্লাস, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
খেলাধুলা ডেস্ক :

কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার কেউ হতাশায় মাঠে লুটিয়ে পড়ে কাঁদছিলেন। সতীর্থদের কান্না থামিয়ে সান্ত্বনা দিতে ব্যস্ত ছিলেন অধিনায়ক হামজা চৌধুরী। বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও তাঁর মনেও যে স্বপ্নভঙ্গের গভীর কষ্ট, তা বুঝতে বাকি ছিল না কারও।

হামজার নেতৃত্বেই ২৩ বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছিল। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো না। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদ আরশাদের একমাত্র গোলে বাংলাদেশকে বিদায় করে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। অন্যদিকে, সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো স্বাগতিক বাংলাদেশকে।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দেয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে যেমন দাপট দেখিয়েছিল বাংলাদেশ, পাকিস্তানের জমাট রক্ষণভাগের বিপক্ষে তেমন আক্রমণ গড়ে তুলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পাকিস্তানের রক্ষণে চাপ বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। বিশেষ করে ডান প্রান্ত দিয়ে বারবার আক্রমণে ওঠেন শুকি ইতোফুসা। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ৬২ মিনিটে শুকিকে তুলে মোহাম্মদ ইব্রাহিমকে মাঠে নামান কোচ টমাস ডুলি।

এর কিছুক্ষণ পর বক্সের বাইরে থেকে আদিলের নেওয়া ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৭৬ মিনিটে রহমত মিয়াকে তুলে বিশ্বনাথ ঘোষকে মাঠে নামান ডুলি। এরপর পাকিস্তানের হারিস আলীর একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। তিন মিনিট পর এশাহর কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া শটও রুখে দেন তিনি।

তবে শেষ পর্যন্ত সেই গোলরক্ষকই ভুল করে বসেন। লম্বা থ্রো থেকে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে শ্রাবণ বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সতীর্থের পাস পেয়ে বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝখান দিয়ে জোরালো শট নেন আবদুল সামাদ। বল শ্রাবণের হাতে লেগেও জালে জড়িয়ে যায়। ম্যাচের ৮৬ মিনিটে পাওয়া এই গোলেই এগিয়ে যায় পাকিস্তান।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করলেও আর সফল হতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের যোগ করা সময়ে বাংলাদেশের সম্ভাব্য পরাজয়ের হতাশায় উত্তেজিত হয়ে ওঠেন গ্যালারির কিছু দর্শক। তাঁরা মাঠের দিকে বিভিন্ন রঙের আতশবাজি ছুড়ে মারতে থাকেন। কয়েকটি আতশবাজি মাঠের ভেতরে পড়ায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় খেলার পরিবেশ। এ কারণে প্রায় তিন মিনিট খেলা বন্ধ থাকে।

পরে খেলা শুরু হলে বলের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বনাথ ঘোষের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের বাগ্‌বিতণ্ডা হয়। কিছুক্ষণ পর কর্নার এলাকার কাছে গোলদাতা সামাদের সঙ্গে জিদানের ধাক্কাধাক্কি হয়। তবে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপরই শেষ বাঁশি বাজান রেফারি। আর তাতেই সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠার আনন্দে মাঠে উল্লাসে মেতে ওঠেন পাকিস্তানের খেলোয়াড়েরা। অন্যদিকে, বাংলাদেশের ফুটবলারদের চোখে তখন শুধুই হতাশা আর কান্না।

পাকিস্তানের বিপক্ষে দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুকি ইতোফুসাকে খেলান তিনি।

অন্যদিকে, গ্রুপ পর্ব শেষে দলের সঙ্গে যোগ দেওয়া পাঁচ প্রবাসী ফুটবলারকে একাদশে রেখেই দল সাজান পাকিস্তানের কোচ নেলবের্তো সোলানো।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5125