আন্তর্জাতিক ডেস্ক :
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের আগে যথাযথ সম্মতি না নেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি। দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল প্রতিষ্ঠানটি। অথচ এ বিষয়ে প্রায় দুই কোটি স্মার্টফোন ব্যবহারকারীকে যথাযথভাবে অবহিত করা হয়নি।
ইতালির ডেটা প্রোটেকশন অথরিটি (ডিপিএ) জানিয়েছে, ফেসবুকের ওই ফিচারটি ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে নতুন পোস্ট তৈরির জন্য বিভিন্ন পরামর্শ ও ধারণা দেখায়। তবে এ সুবিধা চালু করার সময় ব্যবহারকারীদের কাছ থেকে পুরো অ্যাপের জন্য একবারই অনুমতি নেওয়া হতো। গ্যালারির ছবি ও ভিডিও বিশ্লেষণ করে পোস্টের পরামর্শ তৈরি করা হবে, সে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়নি।
নিয়ন্ত্রক সংস্থাটির অভিযোগ, ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি ব্যবহারকারীদের কাছে যথাযথভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে মেটা। ফলে তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার সুযোগ ছিল না।
এ ঘটনায় মেটাকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করার পাশাপাশি ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে সম্মতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর বিপুল সংখ্যা এবং মেটার অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, যাঁরা এখনো অ্যাপটি হালনাগাদ করেননি এবং যাঁরা ইতোমধ্যে ফিচারটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও বিষয়টি প্রাসঙ্গিক।
এদিকে, গত মাসেও যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি জটিলতায় পড়ে মেটা। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে দীর্ঘদিন ধরে জনসাধারণকে বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাও মেটার হাতে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং যথাযথ সম্মতি ছাড়া তথ্য ব্যবহারের অভিযোগে বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রমের ওপর নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে।