নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

বিশ্বসেরা প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ বাংলা ডেস্ক :

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান দেওয়া হয়েছে। নতুন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো তিনি এই তালিকায় জায়গা পেয়েছেন বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে।

তারেক রহমান সম্পর্কে প্রকাশিত পরিচিতিতে বলা হয়েছে, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান।

প্রকাশনায় তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায়ও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি ড. মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস এবার এই তালিকায় স্থান পাননি।

বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের প্রভাব, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে প্রতিবছর ‘দ্য মুসলিম ৫০০’ তালিকা প্রকাশ করে রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5122