নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

পাটের বিকল্প ব্যবহারে বাংলাদেশের প্রস্তাব, প্রশংসা ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
পাটের বিকল্প ব্যবহারে বাংলাদেশের প্রস্তাব, প্রশংসা ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর
নিউজ বাংলা ডেস্ক :

ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (১৩ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ওষুধের আমদানি বাড়াতে ইসোয়াতিনির প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, জলবায়ু ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অগ্রাধিকার তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের অগ্রাধিকার প্রায় একই। এ সময় তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন শামা ওবায়েদ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনি সরকারের প্রশংসা করে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে আলোচনার পাশাপাশি ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা ও উদ্যোগের কথা তুলে ধরে ইসোয়াতিনিকে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী পোশাক আমদানির আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য খাতে সহযোগিতার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ রপ্তানি করছে। ইসোয়াতিনির স্বাস্থ্য খাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে ইসোয়াতিনির অব্যাহত সমর্থন কামনা করেন শামা ওবায়েদ।

বৈঠক শেষে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনিকে পাটের কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী। একই সঙ্গে পাটপণ্যের প্রচারে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5116