নিউজ বাংলা ডেস্ক :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।
এ ছাড়া অর্থপাচার প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা করেন তাঁরা।
এ সময় আইজিপি আলী হোসেন ফকির আন্তদেশীয় অপরাধ দমন এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।